রিয়াল–সিটি: কী ঘটেছিল সর্বশেষ ছয় লড়াইয়ে

· Prothom Alo

সর্বশেষ সাত মৌসুমে মুখোমুখি ছয়বার দেখা দুই দলের! উয়েফা চাইলে চ্যাম্পিয়নস লিগ নকআউটে রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটির জন্য একটা স্পট ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ করে রাখতেই পারে। ক্যালেন্ডার পাল্টায়, মৌসুম বদলায়, কিন্তু এই দ্বৈরথ থাকেই। এখন বরং এটা না হলে তা-ই অস্বাভাবিক মনে হয়।

Visit asg-reflektory.pl for more information.

২০১২–১৩ মৌসুমে গ্রুপ পর্বে প্রথম দেখা। এরপর ২০১৫–১৬ মৌসুমে সেমিফাইনাল। তবে আসল গল্প শুরু ২০১৯–২০ থেকে। তখন থেকেই যেন ইউরোপের সবচেয়ে নাটকীয় অধ্যায়ের নাম—রিয়াল বনাম সিটি।

চলুন, সাম্প্রতিক ছয় লড়াইয়ে কী ঘটেছে এই দ্বৈরথে, দেখে নেওয়া যাক একনজরে—

২০১৯–২০ মৌসুম

পর্ব: শেষ ষোলো
ফল: দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার সিটি ৪–২ ব্যবধানে জয়ী (দুই লেগেই ২–১)


বার্নাব্যুর প্রথম লেগে ইসকোর গোলে ৭৮ মিনিট পর্যন্ত ১–০ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল। এরপরই ম্যাচ ঘুরে যায়। ৭৮ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস, ৮৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার পেনাল্টি গোল—সিটি জিতে নেয় ২–১ ব্যবধানে।

দ্বিতীয় লেগেও একই স্কোরলাইন। ইতিহাদে ৯ মিনিটে রাহিম স্টার্লিং সিটিকে এগিয়ে দেন। ২৮ মিনিটে করিম বেনজেমা সমতা ফেরান। কিন্তু ৬৮ মিনিটে জেসুসের গোল রিয়ালের বিদায় নিশ্চিত করে।

২০২১–২২ মৌসুম

পর্ব: সেমিফাইনাল
ফল: দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ ৬–৫ ব্যবধানে জয়ী

এক মৌসুম বিরতির পর ফিরেই নাটক। প্রথম লেগে ইতিহাদে ১১ মিনিটেই ২–০ এগিয়ে যায় সিটি (ডি ব্রুইনা, জেসুস)। বেনজেমা ৩৩ মিনিটে ব্যবধান কমান। এরপর ফোডেন, ভিনিসিয়ুস, বের্নার্দো—গোলের পাল্টাপাল্টি লড়াই। ম্যাচ শেষ হয় ৪–৩ ব্যবধানে, সিটির জয়ে।

দ্বিতীয় লেগে নাটকের চূড়ান্ত। ৭২ মিনিটে রিয়াদ মাহরেজ গোল করে সিটিকে দুই লেগ মিলিয়ে ৫–৩ এগিয়ে দেন। অনেকেই তখন ফাইনালে সিটিকে দেখছিলেন।
কিন্তু ৯০ মিনিটে এবং যোগ করা সময়ে পরপর দুই গোল করে ম্যাচে ফেরান রদ্রিগো। অতিরিক্ত সময়ে বেনজেমার পেনাল্টি গোল—শেষ হয়ে যায় সিটির স্বপ্ন। রিয়াল যায় ফাইনালে, জেতে শিরোপাও।

রিয়াল ৫০ বার ঘুরে দাঁড়িয়েছে, সিটি কি পারবে না—প্রশ্ন গার্দিওলার

২০২২–২৩ মৌসুম

পর্ব: সেমিফাইনাল
ফল: দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার সিটি ৫–১ ব্যবধানে জয়ী

আগের মৌসুমের ক্ষত ভোলেনি সিটি। প্রথম লেগে বার্নাব্যুতে ১–১ ড্র (ভিনিসিয়ুস ও ডি ব্রুইনা)। দ্বিতীয় লেগে ইতিহাদে একতরফা ম্যাচ। ৪–০ গোলে জিতে সিটি। বের্নার্দো সিলভার জোড়া গোল, সঙ্গে আকাঞ্জি ও হুলিয়ান আলভারেজ। প্রতিশোধ সম্পন্ন।

২০২৩–২৪ মৌসুম

পর্ব: কোয়ার্টার ফাইনাল
ফল: টাইব্রেকারে রিয়াল মাদ্রিদ জয়ী (দুই লেগ মিলিয়ে ৪–৪, টাইব্রেকার ৪–৩)

রোমাঞ্চের চূড়ান্ত। বার্নাব্যুর প্রথম লেগ ৩–৩। রিয়ালের হয়ে রদ্রিগো ও ভালভের্দে, আরেকটি আত্মঘাতী গোল। সিটির হয়ে বের্নার্দো, ফোডেন ও গাভারদিওল।
দ্বিতীয় লেগে ইতিহাদে ১–১। রদ্রিগো এগিয়ে দেন রিয়ালকে, পরে ডি ব্রুইনা সমতা ফেরান। অতিরিক্ত সময়েও সমাধান না এলে ম্যাচ যায় টাইব্রেকারে। সেখানেই শেষ হাসি রিয়ালের।

রিয়াল-সিটি লড়াই মানেই উত্তাপ

২০২৪–২৫ মৌসুম
পর্ব: প্লে–অফ (নতুন ফরম্যাট)
ফল: দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ ৬–৩ ব্যবধানে জয়ী

নতুন নিয়ম, কিন্তু পুরোনো গল্প। ইতিহাদের প্রথম লেগে ১৯ মিনিটে আর্লিং হলান্ড সিটিকে এগিয়ে দেন। ৬০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে সমতা ফেরান। ৮০ মিনিটে হলান্ড আবার গোল করেন। তবু ম্যাচ হাতছাড়া করে সিটি। ৮৬ মিনিটে ব্রাহিম দিয়াজ, যোগ করা সময়ে জুড বেলিংহাম—রিয়ালের ৩–২ জয়।
দ্বিতীয় লেগে বার্নাব্যুতে ৩–১ জয়। এমবাপ্পের হ্যাটট্রিক। সিটির হয়ে নিকো গঞ্জালেসের সান্ত্বনাসূচক গোল।

অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’

২০২৫–২৬ মৌসুম

পর্ব: শেষ ষোলো
বর্তমান অবস্থা: প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ৩–০ ব্যবধানে এগিয়ে

প্রথম লেগে বার্নাব্যুতে দাঁড়াতেই পারেনি সিটি। ফেদে ভালভের্দের হ্যাটট্রিকে ৩–০ জয় রিয়ালের।
আজ ইতিহাদে দ্বিতীয় লেগ। তিন গোলের ব্যবধান ঘুচানো কঠিন। তবে অসম্ভব নয়। কারণ, এই দ্বৈরথে ‘অসম্ভব’ শব্দটাই তো নেই!

Read full story at source