তেল নিতে পাম্পের সামনে আজও অপেক্ষা

· Prothom Alo

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। ছুটির এই দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

সরেজমিনে আজ সকাল ১০টায় রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পটিতে জ্বালানি তেলের জন্য যানবাহনের সারি প্রায় এক কিলোমিটারের বেশি ছাড়িয়ে গেছে।

Visit amunra.help for more information.

ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেলের জন্য অপেক্ষায় ছিল মোটরসাইকেল, প্রাইভেট কার, মিনি বাস ও পিকআপসহ বিভিন্ন যানবাহন। তবে অন্যান্য দিনের তুলনায় মোটরসাইকেলের সারি ছিল ছোট।

কোন কোন পাম্পে তেল মিলবে, তার খোঁজ দিচ্ছে ‘তেল কই’ ওয়েবসাইট

এখানে জ্বালানি তেলের জন্য অপেক্ষায় ছিলেন মো. জসিম। তিনি প্রাইভেট কারের চালক। বললেন, অন্য দিন আরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হতো। আজকে তুলনামূলক কম সময় অপেক্ষা করতে হচ্ছে।

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফিলিং স্টেশনটিতে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করতে দেখা গেছে।

তবে আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনে আজ সকাল থেকে জ্বালানি তেল দেওয়া হলেও ১০টার কিছু আগে তা বন্ধ করে দেওয়া হয়। সেখানে তখন তেল নেওয়া অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি ছিল। এরপর সাড়ে ১০টা নাগাদ সেখানে শতাধিক গাড়ির সারি দেখা যায়।

দীর্ঘ সারিতে অপেক্ষার পর পাম্পে এসে তেল নিচ্ছেন প্রাইভেট কারের চালকেরা। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে, ১৭ মার্চ ২০২৬

তালুকদার ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. আজম বলেন, তেল শেষ হয়ে গেছে। তাই আপাতত তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তেল এলে আবারও দেওয়া হবে।

কখন থেকে আবার জ্বালানি তেল দেবেন—জানতে চাইলে মো. আজম বলেন, অন্তত বেলা ২টা বাজবে।

তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, না পেয়ে ক্ষোভ

ফিলিং স্টেশনটিতে তেল নেওয়ার সারিতে ছিলেন প্রাইভেট কারের চালক শিহাব আহমেদ। তিনি বলেন, ‘সকাল ১০টার কিছু আগে হঠাৎ তেল দেওয়া বন্ধ করে দেয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেল শেষ হয়ে গেছে। আজ ছুটির দিনেও লম্বা সারি। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে বুঝতে পারছি না।’

বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনেও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। এখানকার মোটরসাইকেলের সারি প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রাইভেট কারের সারি জাহাঙ্গীর গেট পর্যন্ত চলে গেছে।

রাইড শেয়ারিংয়ের কাজ করেন রাসেল আহমেদ। সারিতে তিনি প্রায় ৫০ মিনিট অপেক্ষা করে ট্রাস্ট ফিলিং স্টেশনের কাছাকাছি এসেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তিনি জানান, এবারের ঈদের ছুটিতে গ্রামের বাড়ি পাবনায় মোটরসাইকেল চালিয়ে যাবেন। তাই ট্যাঙ্ক ভর্তি করে নিতে এত সময় ধরে অপেক্ষা করে আছেন।

তেল নেওয়ার জন্য পাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়, ১৭ মার্চ ২০২৬

রাসেল আহমেদ বলেন, ‘শুনেছি গ্রামে তেলের সংকট আরও বেশি। তার ওপর ঈদের ছুটি। তাই সময় লাগলেও অপেক্ষা করে আছি। অন্য দিন আরও বেশি সময় অপেক্ষা করে তেল নিতে হয়েছে। আজ তাও কম সময় লাগছে।’

কোথাও ‘তেল নাই’ লেখা সাঁটিয়ে বিক্রি বন্ধ, কোথাও ‘সীমিত পরিসরে’ বিক্রি

Read full story at source