স্যাম অল্টম্যান চান না তাঁর সন্তান আইপ্যাড কিড হিসেবে বেড়ে উঠুক, কেন

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তিবিদদের মধ্যে সন্তান লালন–পালনের বিষয়ে একধরনের ঐকমত্য দেখা যাচ্ছে। স্টিভ জবস, বিল গেটসের মতো আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানও চাইছেন, তাঁর সন্তান অনলাইনে কম সময় কাটাক। তবে মজার বিষয় হলো, নিজের সন্তানদের ডিজিটাল যন্ত্র ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করলেও এই শীর্ষ প্রযুক্তিবিদদের উদ্যোগেই বিশ্বজুড়ে স্মার্টফোন ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তার ঘটেছে।

Visit esporist.org for more information.

সম্প্রতি ‘মোস্টলি হিউম্যান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে স্যাম অল্টম্যান জানান, নিজের সন্তানের চেয়ে কিছুটা বড় শিশুদের ঘণ্টার পর ঘণ্টা আইপ্যাড ব্যবহার করার বিষয়টি তাঁকে গভীরভাবে উদ্বিগ্ন করে তোলে। যেসব শিশুর কাছ থেকে আইপ্যাড সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে, তা সত্যিই চিন্তার বিষয়। তাই তিনি চান না তাঁর সন্তান ‘আইপ্যাড কিড’ হিসেবে বড় হয়ে উঠুক। প্রসঙ্গত, যেসব শিশু অল্প বয়স থেকেই দীর্ঘ সময় আইপ্যাডের মতো বিভিন্ন যন্ত্র বেশি ব্যবহার করে এবং তা থেকে সহজে বিচ্ছিন্ন হতে পারে না, তাদের ক্ষেত্রে ‘আইপ্যাড কিড’ তকমাটি ব্যবহার করা হয়।

ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট। পড়ালেখা বা নতুন কিছু শেখার ক্ষেত্রে শিশু ও শিক্ষার্থীরা এটি প্রায়ই ব্যবহার করে। তবে নিজের সন্তানের চ্যাটজিপিটি ব্যবহারের বিষয়ে অল্টম্যান বলেন, ‘আমি যৌক্তিক সময়ের কিছুটা দেরিতেই তাকে এটি দিতে চাইব। শুরুতেই নয়। আপাতত আমি চাই সে মাটিতে খেলাধুলা করুক।’

স্যাম অল্টম্যানের মতে, ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে এআইনির্ভর টুলের ব্যবহার বাড়বে এবং ব্যক্তিকেন্দ্রিক ‘ওয়ান-টু-ওয়ান’ শিক্ষার মাধ্যমে শেখার গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ সম্ভাবনার পাশাপাশি ঝুঁকির বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন তিনি।

সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তিবিদদের মধ্যে শুধু অল্টম্যানই যে এমন ভাবছেন, তা নয়। অ্যানথ্রোপিকের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক সম্প্রতি জানিয়েছেন, তিনি তাঁর ছোট সন্তানের ইউটিউব ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন। কারণ, এই প্ল্যাটফর্মের অ্যালগরিদম তাঁকে আতঙ্কিত করে তুলেছে।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস তাঁর সন্তানদের ১৪ বছর বয়স না হওয়া পর্যন্ত মুঠোফোন দেননি। অন্যদিকে অ্যাপলের স্টিভ জবস তাঁর সন্তানদের আইপ্যাড থেকে দূরে রাখতেন বলে জানা যায়।

সূত্র: ইন্ডিয়া টুডে

Read full story at source