বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য কৃষি ব্যাংকের ‘অপরাজিত স্কিম’, ১১% পর্যন্ত মুনাফা

· Prothom Alo

দেশের মোট জনসংখ্যার একটি অংশ হচ্ছে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা। তাঁদের অনেকেই প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধার অভাবে মূল অর্থনৈতিক স্রোত থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন। বিশেষ চাহিদাসম্পন্ন এই মানুষদের সঞ্চয়ের মানসিকতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) বিশেষ একটি সঞ্চয়ী সেবা স্কিম চালু রয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ অনুসারে, ১৮ বছরের বেশি বয়সী যেকোনো শারীরিক বা মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি নাগরিক এই স্কিমে যুক্ত হতে পারেন। স্কিমটিতে অর্থ জমা রেখে এর বিপরীতে সর্বোচ্চ ১১ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যায়।

Visit moryak.biz for more information.

২০২৪ সালের মার্চে ‘অপরাজিত স্কিম’ নামের বিশেষ এই সঞ্চয়ী স্কিম চালু করে কৃষি ব্যাংক। চলতি বছরের মার্চ পর্যন্ত অর্থাৎ গত দুই বছরে স্কিমটিতে যুক্ত হয়েছেন ৭১৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। আর এ সময়ে তাঁদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৩১ লাখ টাকা।

যাঁরা হিসাব খুলতে পারেন

বাংলাদেশ সরকারের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩–এর ২(১০) ধারা অনুযায়ী সংজ্ঞায়িত যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি কৃষি ব্যাংকের ‘অপরাজিত স্কিম’ নামের সঞ্চয়ী হিসাব খুলতে পারেন। এসব প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে রয়েছেন অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার; শারীরিক, মানসিক অসুস্থতাজনিত ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতা; দৃষ্টি, বাক্‌, শ্রবণ ও শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধিতা; সেরিব্রাল পালসি; ডাউন সিনড্রোম; বহুমাত্রিক প্রতিবন্ধিতাসহ অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা।

কৃষি ব্যাংক জানিয়েছে, গ্রাহকেরা একক ও যৌথভাবে কিংবা অভিভাবকের মাধ্যমে এই সঞ্চয়ী হিসাব খুলতে পারেন। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত এই স্কিমে জমানো যায়।

মুনাফা কেমন

সঞ্চয়ী স্কিমটিতে গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় মুনাফা। জমার মেয়াদের ওপর ভিত্তি করে মুনাফার হার অবশ্য ভিন্ন। যেমন কেউ তিন বছর মেয়াদে টাকা জমা রাখলে তিনি ১০ দশমিক ২৫ শতাংশ হারে মুনাফা পাবেন। পাঁচ বছর মেয়াদে অর্থ জমা রাখলে সাড়ে ১০ শতাংশ হারে মুনাফা মিলবে। আর সর্বোচ্চ ১১ শতাংশ মুনাফা রয়েছে ছয় বছর মেয়াদি স্কিমে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপক মো. আবদুস সামাদ জানান, দেশে প্রায় ৪৬ লাখ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ আছেন। তাঁদের ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অপরাজিত স্কিম নামে বিশেষ এই স্কিম চালু করেছে কৃষি ব্যাংক।

আবদুস সামাদ আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের স্কিমের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পরিবারকে দীর্ঘমেয়াদি সঞ্চয়ে উৎসাহিত করা হয়।

Read full story at source