চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ
· Prothom Alo

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলাউল হকসহ চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার তাঁরা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান বলে জানিয়েছেন। পরে দুপুরে পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া হয়।
Visit rouesnews.click for more information.
পদত্যাগ করা অন্য তিন নেতা হলেন এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাজমুল হুদা খান, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম ও যুগ্ম সদস্যসচিব সৈয়দ কিবরিয়া। দুটি পৃথক পদত্যাগপত্রে তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
আলাউল হক গণমাধ্যমকর্মীদের বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। এ জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে নাজমুল হুদা খান বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তাঁরা এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু পরে সেই আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
গত বছরের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরে তাঁকেই আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।