ঈদের দিনে সড়ক দুর্ঘটনা ছয় জেলায় ৮ জন নিহত, আহত ২৪

· Prothom Alo

ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় অন্তত ৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ময়মনসিংহে দুজন, চট্টগ্রামের পটিয়া ও মিরসরাইয়ে দুজন, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও মাদারীপুরে একজন করে নিহত হয়েছেন।

Visit turconews.click for more information.

ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আরও ৩ জন আহত হয়েছেন। আজ দুপুর একটার দিকে শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়কে উপজেলায় শিমুলিয়া ভান্ডারির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রুবেল মিয়া (২০) ও রিতি আক্তার (৮)। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার বাইপাস মহাসড়কের পটিয়া ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের অজ্ঞাতনামা (৩৫) এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৮ যাত্রী।

আহত ব্যক্তিদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার বাইপাস মহাসড়কের পটিয়া ভাটিখাইন এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস এক পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি আইল্যান্ডে তুলে দেয়। বাসটি ধাক্কা লেগে কাত হয়ে যায়। এতে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন এবং বাসটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।

এদিকে, মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। আজ সকাল ছয়টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা-মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক (আইয়ুব) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে।

কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রাব্বানী বলেন, এনামুল হক আইয়ুব তাঁর প্রাইভেট কার চালিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নড়াইল
নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বেলা তিনটার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত তরুণের নাম রাব্বী মোল্যা (২০)। তিনি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া মুঠোফোনে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেরাই পড়ে যান তাঁরা। এতে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে উপজেলার ঘোড়ামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ আলী (১৯) চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার বাসিন্দা স্বপন আলীর ছেলে। আহত হৃদয় হোসেন (১৮) ৬ নম্বর ওয়ার্ডের শ্মশানপাড়ার বাসিন্দা ছিলেন।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ওই দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দুপুর ১২টার দিকে বের হন। চালকের আসনে ছিলেন হৃদয়। মোটরসাইকেলটি চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা অভিমুখে যাওয়ার সময় পথে ঘোড়ামারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজনই আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নেন। সেখানে পৌঁছানোর আগেই সুরুজের মৃত্যু হয়।

ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় ফুপাতো ভাইয়ের মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় চালক জিহাদ শেখ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। সে ইউনিয়নের শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে জিহাদের ফুপাতো ভাই রনি মিয়া (১৭)। সে মোটরসাইকেলের পেছনে ছিল।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত বলেন, বৃষ্টির কারণে সড়কের মাটি ভিজে পিচ্ছিল হয়ে যায়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং জিহাদ নিহত হয়।

মাদারীপুর

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় শাহাদাত খলিফা (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বেলা ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকার সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত খলিফা উপজেলার দ্বিতীয়াখন্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে ওই এলাকার দ্বিতীয়াখন্ড নূর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে ভ্যানে চড়ে ঘুরতে বের হয় শাহাদাত। বেলা তিনটার দিকে কুতুবপুর সীমানা এলাকায় ভ্যানটিকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে শাহাদাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম তার মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন।

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন, নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও ফরিদপুর; প্রতিনিধি, নড়াইল, চুয়াডাঙ্গা, মাদারীপুর, পটিয়া ও মিরসরাই)

Read full story at source