বাংলাদেশ–তুরস্ক অংশীদারত্ব আরও গভীর করার আশাবাদ
· Prothom Alo

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেছে। আজ শনিবার আঙ্কারায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
Visit truewildgame.com for more information.
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শনিবার সন্ধ্যায় আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বাংলাদেশের নতুস সরকার দায়িত্ব নেওয়ার পর দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে তুরস্কে দক্ষ মানবসম্পদ রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনার ওপর জোর দেন।
বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। এতে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন এবং গাজায় শান্তি প্রচেষ্টার সমর্থনে একসঙ্গে কাজ করার জন্য তাঁদের যৌথ অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তুরস্কের কূটনৈতিক একাডেমি এবং বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইফতার এবং নৈশভোজের আয়োজন করেন। সেখানেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এই প্রেক্ষাপটে, তুরস্ক জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন ব্যক্ত করে তুরস্ক।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তুরস্ক থেকে সরকারি সফরে নিউইয়র্ক যাবেন।