যশোরে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, লাখ টাকা জরিমানা
· Prothom Alo

যশোরের চৌগাছা উপজেলায় আজ রোববার বিকেলে একটি দোকানে অভিযান চালিয়ে মজুত করে রাখা প্রায় ছয় হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। পরে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দোকানমালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। জব্দ করা জ্বালানি তেলের মধ্যে রয়েছে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রল ও ৩৮ লিটার অকটেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের নিজাম স্টোরের মালিক নিজাম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
Visit asg-reflektory.pl for more information.
এ ছাড়া আজ বিকেলে চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তেল ওজনে কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনের মালিক গোলাম মোস্তফার কাছ থেকে ২০ হাজার টাকা ও সলুয়া বাজারের আমিন স্টোরের মালিক রুহুল আমিনের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ বলেন, জব্দ করা তেল চৌগাছার মিনা ফিলিং স্টেশন এবং আর এস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। সেখানে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।