সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ গাছ ভেঙে চাপা পড়লেন
· Prothom Alo

ফেনীর পরশুরামে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছের নিচে চাপা পড়ে এক চা–দোকানির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম পৌরসভার বাউরপাথর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
Visit asg-reflektory.pl for more information.
নিহত ব্যক্তির নাম মো. নুর করিম খোকন (৪০)। তিনি পরশুরাম পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাউরপাথর গ্রামের আবুল কালামের ছেলে। নুর করিম পরশুরাম বাজারের হাসপাতাল মোড় এলাকায় একটি চা–দোকান করে সংসার চালাতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরশুরাম উপজেলার বাউরপাথর হনালুবাগান এলাকায় সড়কের পাশে আবদুল খালেক নামের এক ব্যক্তি গাছ কাটছিলেন। ওই সড়কের পাশ দিয়ে সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফিরছিলেন চা–দোকানি নুর করিম। এ সময় অর্ধেক কেটে ফেলা গাছটি নুর করিমের ওপর ভেঙে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর করিমকে মৃত ঘোষণা করেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নুর করিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।