রমজানে রেস্তোরাঁ বন্ধের নির্দেশ বাজার সমিতির, ইউএনও বলছেন আইনসম্মত নয়

· Prothom Alo

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার বণিক সমিতির এক নোটিশে রমজান মাসে বাজারের সব রেস্তোরাঁ ও চায়ের দোকান সকাল-সন্ধ্যা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে জরিমানার কথা বলা হয়েছে।

গতকাল বুধবার রাতে ফেসবুকে ওই বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশটি প্রচার করা হয়।

Visit milkshakeslot.online for more information.

মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রোকন উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সজীব হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, ‘সুজাতপুর বাজারের সব হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকানি ভাইদের জানানো যাইতেছে যে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সব হোটেল ব্যবসায়ী ভাইদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। নির্দেশ অমান্য করিলে এক হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হইল।’

নোটিশ নিয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়া চলছে। নাম প্রকাশ না করার শর্তে ওই বাজার এলাকার অন্তত পাঁচজন বাসিন্দা অভিযোগ করেন, বাজার সমিতির এ সিদ্ধান্তে তাঁরা ক্ষুব্ধ। সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ করার এখতিয়ার তাদের নেই। এ ছাড়া অন্য ধর্মের লোকজনও হোটেল-রেস্তোরাঁয় যেতে পারেন। এটি তাঁদের অধিকার। বিষয়টি তাঁরা প্রশাসনকে জানিয়েছেন।

সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সজীব হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর অনুরোধে রমজান মাসের পবিত্রতা রক্ষায় নোটিশটি দিয়েছেন। যদিও এটি দেওয়ার এখতিয়ার তাঁর বা তাদের নেই। এখন প্রশাসন যে সিদ্ধান্ত দেবে, সেটি মেনে নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম বলেন, রমজানে সকাল-সন্ধ্যা হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ রাখার যে নির্দেশ ওই বাজার সমিতি দিয়েছে, সেটি আইনসম্মত নয়। নির্দেশ অমান্য করলে যে জরিমানা আদায় করার কথা বলা হয়েছে, সেটির এখতিয়ারও নেই বাজার সমিতির। বাজার সমিতির নেতাদের সঙ্গে কথা বলে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

Read full story at source